মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িটি রাখা ছিল। পুলিশি তৎপরতার মধ্যে কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। রবিবারও একই দাবিতে সড়কে অবস্থান নেন শ্রমিকেরা।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় মেট্রোরেলেও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। সড়কপথে আগারগাঁও ও ফার্মগামী অনেক যাত্রী বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিকদের অবরোধের প্রভাব পড়েছে ফার্মগেট, শাহবাগ, সায়েন্সল্যাব ও কারওয়ান বাজার এলাকাতেও। মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে গাবতলী থেকে মিরপুর ১০ হয়ে আগারগাঁও ও মহাখালীগামী যানবাহন চলাচল ব্যাহত হয়। একইভাবে গাবতলী থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর হয়ে কালশী, বিমানবন্দর ও প্রগতি সরণির দিকে চলাচলকারী যানবাহনও চলতে পারেনি।