রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু

রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই তিনি বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছেন। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। আপাতত ছয়টি রুটে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে ৩২টি রুটের বাসের জন্য পৃথক রং ও নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলাচল করছে।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমপি এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।