বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান)-এর আয়োজনে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল ‘অমনি রেসিডেন্সিতে’ ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে মূলধারার গণমাধ্যমের ২০ সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, অংশগ্রহণ, প্রবেশগম্যতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনি অংশগ্রহণ ও অধিকারসংক্রান্ত সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করা এবং তথ্য অনুসন্ধান, যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের (সিআরপিডি) ধারা ২৯ সংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে সংবাদ ভাবনা নির্বাচন, সংবাদ শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি নির্বাচন এবং নির্বাচনি প্রবেশগম্যতাবিষয়ক কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।
অংশগ্রহণকারীরা নির্বাচনি প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য ও প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিতকরণ এবং অধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো অনুসন্ধানের অনুশীলন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারধারী ও নিজ অভিজ্ঞতার আলোকে বিশেষজ্ঞ হিসেবে সংবাদে সম্পৃক্ত করার লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণের অনুশীলনও করা হয়। এ ক্ষেত্রে সাক্ষাৎকারদাতার সম্মতি, মর্যাদাপূর্ণ ভাষা ও যথাযথ শব্দচয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় বি-স্ক্যানের পক্ষে উপস্থিত ছিলেন- নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার। ইপিডির পক্ষে প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক কর্মশালায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের মহিলাঙ্গন বিভাগের রিপোর্টার ও এডিটর রাবেয়া বেবি। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।