রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে আবিদা (৪) নামে এক শিশুকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ফ্ল্যাটের নিটল (২৬) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মীর হাজীরবাগের ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদার বাবার নাম আসিফ। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শিবচর বাজার এলাকায়। পরিবারটি ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতো।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় আবিদা বাড়ির ছাদে খেলছিল। কিছুক্ষণ পর তারা খবর পান, শিশুটি ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে পুলিশ। এ সময় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল (২৬) তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসআই আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।