রাজধানীতে এত এত রিকশা, চালকদের টয়লেট কোথায়?

কর্মজীবনের প্রয়োজনে প্রতিদিন রাজধানী ঢাকায় যাতায়াত করেন দেড় কোটির বেশি মানুষ। এসব মানুষের জন্য পুরো নগরীতে গণশৌচাগার রয়েছে মাত্র ১৯৮টি। সেই হিসাবে গড়ে ৭৫ হাজারের বেশি মানুষের জন্য রয়েছে একটি গণশৌচাগার। এ সংকটের কারণে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন নগরবাসী। অনেকে রাস্তার পাশে, গাছের আড়ালে কিংবা ফুটপাতে প্রস্রাব করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রিকশাচালক।

রিকশাচালকদের সঙ্গে কথা বলে যত্রতত্র প্রস্রাব করার পেছনে কয়েকটি কারণ জানা গেছে। কেউ বলছেন, প্রয়োজনের সময় আশপাশে গণশৌচাগার পাওয়া যায় না। কেউ আবার টাকা বাঁচাতে গণশৌচাগার ব্যবহার করতে চান না। তবে অনেকেই এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। 

সরেজমিনে দেখা গেছে, কেউ কাজের ফাঁকে মসজিদ, মাদ্রাসা, কাঁচাবাজার কিংবা হাসপাতালের শৌচাগার ব্যবহার করেন। কেউ চা পানের বিরতিতে পরিচিত হোটেল-রেস্তোরাঁর শৌচাগারে যান। তবে অনেকেই রাজধানীর অলিগলি, প্রধান সড়কের আশপাশ, উড়ালসড়কের নিচে, নির্জন দেয়ালের পাশে কিংবা গাছের আড়ালে প্রস্রাব করেন। এতে নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

দুই সিটি করপোরেশনে কত রিকশা, কত গণশৌচাগার

রাজধানীর দুই সিটি করপোরেশনের তথ্যমতে, ঢাকায় নিবন্ধিত প্যাডেলচালিত রিকশার সংখ্যা প্রায় ২ লাখ ১৩ হাজার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৮২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩০ থেকে ৩১ হাজার। এর বাইরে চলাচলকারী প্রায় সব রিকশাই অনিবন্ধিত।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের ২০১৯ সালের এক গবেষণায় ঢাকায় রিকশার সংখ্যা ছিল প্রায় ১১ লাখ। তবে বর্তমানে রাজধানীতে ই-রিকশার প্রকৃত সংখ্যা কত, সে বিষয়ে সরকারি সংস্থাগুলোর কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। সব মিলিয়ে ধারণা করা হয়, প্রতিদিন অন্তত ২০ লাখ রিকশা রাজধানীতে চলাচল করে।

ঢাকা শহরে চলাচল করে অন্তত ২০ লাখ রিকশা (ফাইল ছবি)

অন্যদিকে, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় গণশৌচাগার রয়েছে ১৯৮টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮টি। এসব শৌচাগার ৫ থেকে ১০ টাকা দিয়ে ব্যবহার করা গেলেও অধিকাংশের অবস্থা বেহাল। ঠিকমতো সাবান ও টিস্যু পাওয়া যায় না। তবে বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শৌচাগারের মান ভালো।

প্রয়োজনের সময় শৌচাগার না পেয়ে রাস্তায় প্রস্রাব

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সরকারি আবাসন এলাকার সীমানাপ্রাচীরের পাশে প্রস্রাব করছিলেন রিকশাচালক আব্দুস সবুর। কারণ জানতে চাইলে কিছুটা বিরক্ত হয়ে উল্টো প্রশ্ন করেন, আশপাশে কোথায় শৌচাগার পাওয়া যাবে? জরুরি প্রয়োজন হলে কোথায় যাবেন?

আরেক রিকশাচালক সুজন মিয়া বলেন, ঢাকায় গণশৌচাগার ব্যবহার করতে ৫ থেকে ১০ টাকা দিতে হয়। টাকা বাঁচাতে বেশিরভাগ সময় ড্রেনে বা গাছপালার আড়ালে প্রয়োজন সারেন। অযথা টাকা খরচের কোনো দরকার নেই। সরকারের উচিত বিনামূল্যে শৌচাগার ব্যবহারের ব্যবস্থা করা। তিনি বলেন, ‘নয়তো আমরা যেটা ফ্রিতে করতে পারছি সেটার জন্য আবার টাকা খরচ করতে যাবো কেন?’

ব্যস্ত সড়কের পাশেই প্রস্রাব করেন অনেকেই। ছবি: প্রতিবেদক

রিকশাচালক মো. বাবুল মিয়া (৪৫) বলেন, ‘ঢাকা শহরে রিকশা রেখে পাবলিক টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার ফলে রিকশা হারানোর একটা ভয় থাকে। তাই বেশির ভাগ সময় রিকশা সাইড করে রাস্তায় প্রস্রাব করতে হয়। এছাড়াও প্রতিবার ১০ টাকা দিয়ে প্রস্রাব করাও তো আমাদের জন্য বেশি হয়ে যায়। এর থেকে ভালো সেই টাকায় কিছু কিনে খাওয়া যায়।’

ঢাকায় প্রয়োজন অন্তত দেড় হাজার গণশৌচাগার

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিদিন প্রতি ১০ হাজার পথচারীর যাতায়াতের জন্য ১০টি ইউনিটবিশিষ্ট একটি গণশৌচাগারের সুবিধা থাকা উচিত। ঢাকায় প্রতিদিন প্রায় দেড় কোটি পথচারী যাতায়াত করেন। সেই হিসাবে নগরীতে অন্তত ১ হাজার ৫০০টি শৌচাগার সুবিধা প্রয়োজন। অথচ বর্তমানে স্থায়ী শৌচাগার রয়েছে মাত্র ১৯৮টি।

এই মানদণ্ড অনুযায়ী, ঢাকায় প্রয়োজনীয় শৌচাগারের মাত্র ১০ ভাগের ১ ভাগ রয়েছে। পুরোনো পরিকল্পনাগুলোর তুলনায়ও এ সংখ্যা কম। এ পরিস্থিতিতে নগরীর পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠছে।

নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মোহাম্মদ বলেন, রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারের সদিচ্ছা প্রয়োজন। উদাহরণ দিয়ে তিনি বলেন, মেট্রোরেল যদি আমাদের জন্য অপরিহার্য হয়ে থাকে, তবে গণশৌচাগার কি সমানভাবে অপরিহার্য নয়? কিন্তু সরকার দুটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে না। ফলে নগরীর এ বেহাল অবস্থা তৈরি হয়েছে।

বিনামূল্যে শৌচাগার ব্যবহারের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বা সিটি করপোরেশন চাইলেই এ সেবা বিনামূল্যে দিতে পারে। নাগরিকেরা বিভিন্ন ধরনের কর দেন, যা দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। শৌচাগারের মতো অপরিহার্য নাগরিক সুবিধাকে সম্পূর্ণ বিনামূল্যের সেবায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। এতে নগরীর সৌন্দর্যও সুরক্ষিত থাকবে।

যত্রতত্র প্রস্রাবে অস্বস্তিতে নারীরা

ফুটপাত বা সড়কের পাশে রিকশাচালক কিংবা পথচারী পুরুষদের প্রস্রাব করার কারণে প্রায়ই অস্বস্তিতে পড়েন নারীরা। তাঁদের মতে, যত্রতত্র প্রস্রাবের দৃশ্যের পাশাপাশি তীব্র দুর্গন্ধও চলাচলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এত জনবহুল শহরে নেই পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা। ছবি: প্রতিবেদক

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ঢাকা শহরে চলাচলের সময় এখনো প্রায়ই রাস্তার পাশে যত্রতত্র মলমূত্র ত্যাগের দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ দৃশ্য বেশি দেখা যায়, যা খুবই দৃষ্টিকটু।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্বল্প খরচে গণশৌচাগারের ব্যবস্থা রয়েছে। এমনকি অনেক মসজিদেও প্রয়োজনীয় শৌচাগার ব্যবহারের সুযোগ আছে। তারপরও এসব সুবিধা থাকা সত্ত্বেও অনেকে সেগুলো ব্যবহার না করে যত্রতত্র মলমূত্র ত্যাগ করেন।

তাহমিনা আরও বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে। দেয়ালে, রাস্তায় কিংবা বিভিন্ন স্থানে ‘এখানে মলমূত্র ত্যাগ করবেন না’ লেখা থাকলেও অনেকেই তা মানেন না। দুঃখজনক বিষয় হলো, মলমূত্র ত্যাগের ঘটনা শুধু সাধারণ সড়ক বা ফুটপাতেই সীমাবদ্ধ নয়। অনেক সময় বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও এমন অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশ দেখা যায়। এর একটি বাস্তব উদাহরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক ও আশপাশের এলাকা।

খোলা মলমূত্রে বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি

খোলা জায়গায় মলমূত্র ত্যাগ ও উন্মুক্ত বর্জ্যের কারণে ঢাকা শহরে কলেরা, ডায়রিয়া ও হেপাটাইটিসের মতো পানিবাহিত রোগ দ্রুত ছড়াচ্ছে। ওয়াসার ফুটো পাইপলাইনের মাধ্যমে ড্রেনের বর্জ্য খাবার পানিতে মিশে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ ছাড়া ধুলাবালি ও বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ বাড়ছে। মাছি ও ইঁদুরের মাধ্যমেও খাদ্যদ্রব্য দূষিত হচ্ছে।

ওয়াসার ফুটো পাইপলাইনের মাধ্যমে ড্রেনের বর্জ্য খাবার পানিতে মিশে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ছবি: প্রতিবেদক

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, খোলা মলমূত্র ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে ঢাকা শহরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে বাতাসে উৎকট দুর্গন্ধ ছড়ায় এবং ফুটপাতে চলাচল কঠিন করে তোলে। এর ফলে ডায়রিয়া, টাইফয়েডসহ নানা রোগ ছড়ায়। এ অস্বাস্থ্যকর পরিবেশ আন্তর্জাতিক সূচকে ঢাকার বাসযোগ্যতার মান দিন দিন নিচে নামিয়ে দিচ্ছে।

ভাসমান ও দিনমজুরদের জন্য ভর্তুকিতে শৌচাগার চান নগর পরিকল্পনাবিদ

ভাসমান ও দিনমজুরদের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য বা ভর্তুকিতে গণশৌচাগারের ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান। তিনি বলেন, এ সংকট কেবল প্রকৌশলগত বা নির্মাণগত সমস্যা নয়; এটি মূলত সুশাসন, সংবেদনশীলতা ও পরিকল্পনাগত ঘাটতির ফল। ঢাকা শহরকে সত্যিকারের ‘বাসযোগ্য ও মানবিক মেগাসিটি’ হিসেবে গড়ে তুলতে হলে অবিলম্বে কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, কমলাপুর, গুলিস্তান, কারওয়ান বাজার, সদরঘাট ও সায়েদাবাদের মতো জনবহুল এলাকা এবং ভাসমান মানুষের কর্মস্থলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বিনামূল্যে অথবা ১ থেকে ২ টাকার প্রতীকী মূল্যে ব্যবহারের উপযোগী বিশেষ গণশৌচাগার স্থাপন করতে হবে। এ ছাড়া রিকশাচালকদের জন্য ‘পার্কিং-কাম-স্যানিটেশন’ জোন তৈরির কথাও বলেন তিনি।