রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের

রাজধানীর রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০টি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে। বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১১৭টি ঘর পুড়ে যায় এবং ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ঘটনাস্থলে অবস্থান করেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার দফতরকে বিষয়টি জানিয়ে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ ও সহায়তার ব্যবস্থা নিতে বলেন।

ববি হাজ্জাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।

একইসঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে তার ওপর টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বাড়ি ও অন্যান্য স্থাপনার তালিকা প্রস্তুত করতে বলেন। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্যও সংগ্রহ করতে হবে।

এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের তাৎক্ষণিক দায়িত্ব। একইসঙ্গে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে ববি হাজ্জাজ বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যতে অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।