শেষ ধাপের তফসিল ঘোষণা, ভোট ৪ জুন


ইউপি নির্বাচনষষ্ঠ ধাপের (শেষধাপের) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে ইসি এ ধাপে ৭২৪টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। ইসির পরিচালক (গণসংযোগ) এস এম ‍আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়ে ২ মে’র পরিবর্তে ৩ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ভোটগ্রহণসহ অন্য বিষয়গুলোর তারিখ অপরিবর্তিত থাকবে।  
এছাড়া ষষ্ঠ ধানের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৯ মে, মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মে।
আরও পড়তে পারেন: আইএসের নামে ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমিশন ৬টি পৃথক ধাপে দেশের ৪ হাজার ২৭৫টি ইউপির নির্বাচনের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবারের তফসিলের মধ্যদিয়ে যার সবগুলোরই তফসিল ঘোষণা শেষ হলো। ৬ ধাপের মধ্যে ইতোমধ্যে ৩টি ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ও ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/ এমএনএইচ/