সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় এক/দুইটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার সম্ভাব্যতা যাচাইয়ে জন্য সম্প্রতি কমিশনার রফিকুল ইসলাম রংপুর সফর করেন। সোমবার কমিশন বৈঠকে ইভিএম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিশন একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিষয়ে নীতিগতভাবে একমত হয়। তবে, কোন কেন্দ্রে এটি ব্যবহার করা হবে সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ( সোমবার) এ সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশনের বর্তমান পরিস্থিতি খুবই সন্তোষজনক। রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক। এখন পর্যন্ত সেখানে আচরণবিধিমালা লঙ্ঘন হয়েছে এমন কোনও সংবাদ নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়নি।
এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি টিভি স্থাপনের বিষয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রগুলো এখনও নির্ধারণ করা হয়নি। গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রে সিসি টিভি বসানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে কয়টা বসাবে, কোন জায়গায় বসানো হবে এখনও তা ঠিক হয়নি।
তিনি আরও বলেন, রংপুর নিয়ে যেটা সিদ্ধান্ত তা হলো প্রধান নির্বাচন কমিশনার ৭ ডিসেম্বর রংপুরে সফর করবেন। ওই দিন প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচন কমিশনাররাও রংপুর সফর করবেন।