উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা

শ্রীবরদীর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে মেয়র পদ থেকে বরখাস্তসহ তার বিরুদ্ধে নির্বাচনি আইনে মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হতে পারে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ফাইল কমিশনের অনুমোদনের জন্য তোলা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই চিঠি আমলে নিয়েছি। মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।

আরও পড়তে পারেন: রাজনৈতিক দলে নারী নেতৃত্বের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই

 

জানা গেছে, ৩১ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘন করেন শ্রীবরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবু সাইদ। তিনি পৌরসভার গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিন তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে উত্তেজিত হয়ে ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন আবু সাঈদ। এমনকি ইউএনওকে হত্যার হুমকি দেন। ওইদিন রাতে নির্বাচনি সামগ্রীসহ নিজ অফিসে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও। এ সময় তার গাড়ির চালকও আহত হন।

আরও পড়তে পারেন: বিএনপির নতুন কমিটিতে ‘বঞ্চিত’ ঢাকা!

 

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে এক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র আবু সাইদের আচরণ অনভিপ্রেত, অনাকাক্ষিত ও নির্বাচনি আচরণবিধির পরিপন্থী। স্থানীয় প্রশাসনের জন্য হুমকিস্বরূপ। এ কারণে জরুরি ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে। চিঠির অনুলিপি নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দেওয়া হয়।

/ইএইচএস/এমএনএইচ/