গুলশান লেক ভরাট করা হচ্ছে— এমন অভিযোগের প্রেক্ষিতে ভরাট বন্ধের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ অধিদফতরকে নির্দেশনা দেন। তার নির্দেশনা পেয়ে সোমবার (২১ অক্টোবর) দুপুরে অধিদফতরের একটি টিম সংশ্লিষ্ট ঘটনাস্থল পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি গুলশানে এ কে খন্দকার বীর উত্তম সড়কের ৪/এ নম্বর হোল্ডিং সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।
ভরাট উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সব কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদফতর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
অধিফতর জানায়, গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।