ইউজিসির সাবেক সদস্য মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন। ১৯৯০-১৯৯৪ মেয়াদে ইউজিসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ আলী।

এছাড়া, তিনি দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘অধ্যাপক মোহাম্মদ আলী অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ও বরেণ্য শিক্ষাবিদ ছিলেন। শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে  দেশের উচ্চশিক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।’

অধ্যাপক মোহাম্মদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ইউজিসি চেয়ারম্যান।