কাজের মধ্যদিয়ে ভাস্বর হয়ে থাকবেন সেলিম আল দীন

বাংলা নাটকের প্রবাদপুরুষ অধ্যাপক ড. সেলিম আল দীনের ৮ম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শারীরিক উপস্থিতি না থাকলেও সেলিম আল দীন তার কাজের মধ্যদিয়ে আমাদের মাঝে বিরাজ করছেন। তিনি তার কালজয়ী নাট্যকর্ম রেখে গেছেন। এ কারণে তিনি সবার মাঝে ভাস্বর হয়ে থাকবেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীগণ।

শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ গ্রামথিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ অন্যান্য সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

 

/এনএস/এমএসএম/