ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিক মারা গেছেন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন দেশে হৃদরোগ চিকিৎসার প্রসারে পদ প্রদর্শক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকায় তার তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী কলেজ গেটের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদে। বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মিরপুর-২ নম্বরে হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে। এরপর সিলেটের পশ্চিমবাগে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ডা. মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় পথিকৃৎ ছিলেন। একাধারে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি নানাভাবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী ডা. আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধ্যাপক মালিক কেবল বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রেই নয়, বরং উপমহাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক বর্ষীয়ান উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করে গেছেন। বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে তার অবদান বলে শেষ করা যাবে না। এই মহান ব্যক্তিত্বের মৃত্যুজনিত ক্ষতি কখনোই পূরণ হবার নয়। তিনি ছিলেন আমাদের সবার জন্য জাতীয় সম্পদ।

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক মালিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডা.আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

প্রসঙ্গত, আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।

হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৪৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিক্যাল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। ১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলোজিতে উচ্চতর প্রশিক্ষণ নেন।

আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিলোজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মো. মাসুদ মালিক একজন ব্যবসায়ী এবং অপর ছেলে মো. মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।