এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও খ্যাতনামা শিল্পোদ্যোক্তা সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সাঈদ হোসেন চৌধুরী ছিলেন কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিক সাবের হোসেন চৌধুরীর ভাই।
বাংলাদেশের চা শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পেছনে অন্যতম নেতৃত্ব দিয়েছেন সাঈদ হোসেন চৌধুরী। তার নেতৃত্বাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম বৃহৎ চা রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। শুধু চা-ই নয়, এইচআরসি গ্রুপের কার্যক্রম বিস্তৃত ছিল পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও।
শিল্প-ব্যবসায় অনন্য অবদানের পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিসরেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কূটনৈতিক অঙ্গনে তার পরিচিতি ছিল গৌরবময়। বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও সংস্থার সঙ্গে যুক্ত থেকে তিনি ব্যবসা, বিনিয়োগ ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনে তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বরাবরই প্রশংসিত হয়েছে। তিনি দেশ-বিদেশে বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক অঙ্গন এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।