বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম।
শুক্রবার (২ অক্টোবর) ফোরামের এক বিবৃতিতে এ শোক জানানো হয়। একই সঙ্গে লন্ডনে প্রয়াত তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল, সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য।
বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনলাইন এডিটরস ফোরাম বলেছে, তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারালো। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।