সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাতা সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মুক্ত সাংবাদিকতা, বস্তুনিষ্ঠতা ও স্পষ্টবাদিতার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন তার বন্ধু, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। তাদের মতে, রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশে তার দৃঢ়তা এবং পেশাদারত্ব বাংলাদেশের সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ শীর্ষক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের সহযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১৯৮৩ সাল থেকে তৌফিকের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। এক বছরের জ্যেষ্ঠ হলেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ঢাকা সায়েন্স (বিজ্ঞান) কলেজে পড়ার সময় বড় ভাইয়ের সঙ্গে তৌফিকের বন্ধুত্বের সূত্র ধরে রেসিডেনশিয়াল মডেল কলেজের আড্ডায় তাদের পরিচয় হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ইংরেজি বিভাগ, আইন বিভাগ ও ক্যাম্পাসের বিভিন্ন আড্ডায় সেই সম্পর্ক আরও গভীর হয়।
এ্যানি বলেন, তৌফিক কখনও তাদের মতো সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে চাননি। তবে রাজনৈতিক বিষয়ে তার পরামর্শ সবসময় পাওয়া যেত। কথাবার্তায় তার স্পষ্টতা ছিল। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন এবং ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠা করেন।
তৌফিকের মৃত্যুর সময় দেশের বাইরে থাকায় তার জানাজায় অংশ নিতে পারেননি জানিয়ে এ্যানি বলেন, বন্ধুর মৃত্যুর সংবাদ তাকে ভীষণ আবেগাপ্লুত করেছিল। স্মরণসভায় এসে পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তার জন্য দোয়া করতেই তিনি উপস্থিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক চিকিৎসক মোশতাক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে তৌফিক সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড অনুসরণ করতেন। তবে তিনি কোনও পদ-পদবিতে ছিলেন না। রাজনৈতিক কর্মিসভায় তার করা প্রশ্নগুলো ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও অনুসন্ধিৎসু। বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব কি না, সেই পরিবর্তনের জন্য রাজনৈতিক কর্মীরা কতটা প্রস্তুত– এ ধরনের মৌলিক প্রশ্ন তিনি তুলতেন।
মোশতাক হোসেন বলেন, তৌফিক ছিলেন নিভৃতচারী। মিছিল-সমাবেশে অংশ নিলেও তাকে সব সময় মধুর ক্যান্টিনের আড্ডায় পাওয়া যেত না। তিনি লাইব্রেরি চত্বর কিংবা কলাভবনের বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে থাকতেন। রাজনৈতিক আন্দোলনের গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং সঠিক পথে এগোনো হচ্ছে কি না, তা নিয়ে ভাবতেন।
পরবর্তী সময়ে বিবিসিতে কাজ করার সময়ও তৌফিকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে মোশতাক বলেন, কোনও প্রমাণ ছাড়া কাউকে খুনি বলা যাবে না– সাংবাদিকতার এই পেশাদার নীতির বিষয়টি তৌফিক তাকে শিখিয়েছেন। বাংলা ও ইংরেজি মিলিয়ে কথা বলা, অপ্রমাণিত অভিযোগ করা কিংবা যথাযথভাবে সম্বোধন না করার বিষয়েও তিনি সতর্ক করতেন। তার কাছ থেকে এসব বিষয়ে শিক্ষা নেওয়ার পরই বিবিসিতে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
বিডিনিউজ প্রতিষ্ঠার সময় তৌফিকের সঙ্গে নিজের কথোপকথনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তখন বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা তেমন প্রতিষ্ঠিত হয়নি। তৌফিক নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছিলেন। তার হাতে তখন খুব বেশি অর্থও ছিল না। কিন্তু উদ্যোগটি সফল হবে বলে তিনি বিশ্বাস করেছিলেন। পরে তৌফিক বিডিনিউজকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা তার সহকর্মীরাই ভালো বলতে পারবেন।
মোশতাক আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা না করে তৌফিক তাকে বিভিন্ন বিষয়ে অকপটে সমালোচনা করতেন। গণজাগরণ মঞ্চ, ঘাতক-দালালবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন নিয়ে তার নিজস্ব বিশ্লেষণ ছিল। এমনকি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময়ও নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে দেওয়ার পরামর্শ দিতেন তিনি।
তৌফিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোশতাক বলেন, বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই অব্যাহত রাখতে পারলে এবং তৌফিক যে কর্মীবাহিনী, অনুরাগী ও সুহৃদ তৈরি করে গেছেন, তাদের ধরে রাখতে পারলে তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব বা শত্রুতা– কোনোটিই ছিল না। তবে একজন সাংবাদিক হিসেবে তৌফিক যে কাজ করে গেছেন, তা তাকে জনপরিসরে পরিচিত করে রেখেছে। তার মতে, ব্যক্তিগতভাবে কাউকে চেনার চেয়ে তার কাজের মাধ্যমে তাকে জানা ও মূল্যায়ন করা বেশি গুরুত্বপূর্ণ।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিডিনিউজ বিভিন্ন সময়ে বন্ধ বা অনলাইনে অপ্রবেশযোগ্য হয়ে পড়েছিল। কেন এমন হয়েছিল এবং সে সময় সংবাদমাধ্যমটি কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন সাংবাদিকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কোনও দলের প্রতি সমর্থনও থাকতে পারে। কিন্তু নিজের রাজনৈতিক বিশ্বাসের কারণে সত্য প্রকাশে বাধা তৈরি হলে তিনি আর পেশাদার সাংবাদিকতার জায়গায় থাকেন না।
তিনি আরও বলেন, একসময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সাংবাদিকদের মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতো না। কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকতা ও ভিন্নমতের জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ পরস্পরকে ঘৃণা করতে শিখেছে। অতীতের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে সাংবাদিকদের নিজেদের ভূমিকা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করা প্রয়োজন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফ্রান্সিস তার বক্তব্যে তৌফিকের সহৃদয়তা ও সত্য প্রকাশের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে প্রত্যক্ষ করা গণহত্যার স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে লিখতে তৌফিক তাকে উৎসাহিত করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন সরকারের আমলে দেখা দুর্নীতি নিয়েও নির্ভয়ে লেখার পরামর্শ দিয়েছিলেন।
জুলিয়ান বলেন, সরকারের সমালোচনা করে লেখা প্রকাশের পর বন্ধুরা তাকে গ্রেফতারের আশঙ্কার কথা জানালেও তৌফিক আশ্বস্ত করতেন, কেউ তাকে বিরক্ত করলে বিডিনিউজ তার পাশে থাকবে। তৌফিকের বন্ধুত্বের আরেকটি দিক তুলে ধরে তিনি বলেন, অসুস্থতার কারণে একবার পয়লা বৈশাখের মধ্যাহ্নভোজে যেতে না পারায় পরদিন তার জন্য বিশেষ খাবার পাঠিয়েছিলেন তৌফিক। তার অসুস্থতার সময়ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখতেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, তৌফিকের সঙ্গে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল। প্রথম পরিচয়ের সময় দুজনই একে অপরের সম্পর্কে নেতিবাচক ধারণার কথা অকপটে জানিয়েছিলেন। তবে বিডিনিউজের মাধ্যমে তৌফিকের কাজের সঙ্গে পরিচিত হয়ে তার পেশাগত দক্ষতা ও চিন্তার স্বাতন্ত্র্য উপলব্ধি করেছেন।
মঞ্জু বলেন, বাংলা বানান শুদ্ধ করা কিংবা কোনও তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে অনেকেই বিডিনিউজের ওপর নির্ভর করতেন। এমন একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করা তৌফিকের বড় কৃতিত্ব। রাজনৈতিক চিন্তায় পার্থক্য থাকলেও তিনি সমাজের একজন অনন্য মানুষ ছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তৌফিক ছিলেন মেরুদণ্ডসম্পন্ন, ঋজু ও স্পষ্টবাদী মানুষ। তার পেশাদারত্ব ও বস্তুনিষ্ঠতা সাংবাদিকদের জন্য অনুকরণীয়। মতাদর্শগত পক্ষপাত থাকলেও তা যেন পেশাগত দায়িত্ব পালনে প্রভাব না ফেলে, তৌফিকের সাংবাদিকতা থেকে সেই শিক্ষা পাওয়া যায়।
তিনি বলেন, বিডিনিউজ ও তৌফিক বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছেন, যা তাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। তবে এসব পরিস্থিতি তৌফিককে দমাতে পারেনি। তথ্য ও অপতথ্যের পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিডিনিউজ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
সাইফুল হক বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো, ক্ষমতাকে প্রশ্ন করা এবং শাসকদের জবাবদিহির মধ্যে রাখা। ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াইকে ভুলে যাওয়ার বিরুদ্ধে স্মরণ করিয়ে দেওয়ার সংগ্রাম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতার এই দায়িত্ব পালনে তৌফিকের দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় আরও ছিলেন– বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারুন, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, সংগীতশিল্পী সুজিত মোস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, সাবেক রাষ্ট্রদূত ইখতিয়ার চৌধুরী, ইতিহাস গবেষক হাশেম সূফী, অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক মোস্তাফিজ শফি, জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
এ ছাড়া অনুষ্ঠানে বিডিনিউজের সাবেক ও বর্তমান সহকর্মীদের ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। তারা তৌফিকের নেতৃত্ব, পেশাগত দৃষ্টিভঙ্গি এবং সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় তার অবদানের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। তিনি প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২ অক্টোবর ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে মারা যান তিনি। পরে ১০ অক্টোবর ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।