বিএনপিতে একক প্রার্থী, বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ

ইসিঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি একক প্রার্থী দিলেও বিদ্রাহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আ.লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীসহ আ.লীগের আরও তিনজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, সাবেক পৌর আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র মাছুদ খান, উপজেলা আ.লীগের সাবেক সদস্য আবু সাঈদ মোস্তফা কামাল এবং উপজেলা আ.লীগের  সদস্য মো. মাসুম হোসেন।

জমাকৃত মনোনয়নপত্রে আবু সাঈদ মোস্তফা কামাল ও মো. মাসুম হোসেন নিজেদের আ.লীগ প্রার্থী উল্লেখ করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় মনোনয়নের অন্যতম দাবিদার ২০১১ সালের পৌর নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী মজিবুর রহমানের কাছে সমান্য ভোটের ব্যাবধানে হেরে যাওয়া তৎকালীন মেয়র মাছুদ খান।

মেয়রপদে বিদ্রোহী প্রার্থী নিয়ে আ.লীগের ৪ জন ছাড়া বরখাস্ত হওয়া ২০১১ সালের নির্বাচিত মেয়র বিএনপির মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলনের আ. আজিজ খান ও এনপিপি’র মোস্তাইন বিল্লাহ মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান।

মেয়র পদে আ.লীগের দলীয় মনোনয়ন বঞ্চিতদের মধ্যে যারা কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেন (৮নং ওয়ার্ড), লুৎফুল কবির প্রিন্স (২নং ওয়ার্ড)।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে, নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮ জন প্রর্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নলছিটি পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৯৯৮ জন।

/এসটি/