কুড়িগ্রামে ২ মেয়র প্রার্থী ও ১৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুড়িগ্রামের ৩টি পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে উলিপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবু সাইদ ও বিএনপি’র বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক এবং কাউন্সিলর পদে ৫টি ও সংরক্ষিত মহিলা পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার দেলওয়ার হোসেন।

উলিপুর পৌরসভায় মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।

এ‌দিকে কুড়িগ্রাম পৌরসভায় ৯ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ। কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে নাগেশ্বরী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মোহাম্মদ রহমতুল্লাহ। নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।

/এআর/টিএন/

আপ-এআর