পৌরসভা নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই জমে উঠছে শ্রীপুর পৌরসভার প্রার্থী ও সমর্থকদের বিরামহীন প্রচার। এরই মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সপ্তাহ খানেক আগে থেকেই আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। তবে মেয়র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন ও মোটরসাইকেল শোভাযাত্রা করলেও মাঠে থাকা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তেমন তৎপরতা চোখে পড়েনি।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আনিছুর রহমানের নৌকা প্রতীকের সমর্থনে এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. শহীদুল্লাহ শহীদের ধানের শীষ প্রতীকের সমর্থনে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনি পথসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা।
আনিছুর রহমানের সমর্থনে পৌর এলাকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রচার চালান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহসম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, সহসম্পাদক অ্যাডভোকেট হারুন অর-রশীদ ফরিদ, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের নেতাদের মতে, শ্রীপুর পৌরসভাসহ সারা দেশে নৌকা প্রতীকের পক্ষে জোয়ার উঠেছে। এ জোয়ার কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে।
অপরদিকে, বিএনপি প্রার্থী শহীদুল্লাহ শহীদের সমর্থনে পৌর শহরে লিফলেট, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, সাংগঠনকি সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সরকার একতরফাভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে ফাকা মাঠে জয়ী হওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা দেখাতে চায়। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছে। সারা দেশে বিএনপির সমর্থিত প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রীপুর পৌরসভাসহ দেশের এক তৃতীয়াংশ পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হবে।
/এসটি/