চন্দনাইশে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সিল মেরে ব্যালট পেপার ঢোকানোর ঘটনায় এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। বুধবার সকালে ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচন কমিশন সচিব এ নির্দেশ দেন। এছাড়া সীতাকুণ্ডে বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নির্বাচন কমিশন সচিবের নির্দেশে উপজেলার আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এএনজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে কিছু দুর্বৃত্ত এসে ব্যালটে সিল মারা শুরু করে। তারা প্রায় ৯৫০ ব্যালটে সিল মেরেছে। আরেকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন সচিবের কাছে এ অভিযোগ যাওয়ার পর তার নিদের্শে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত করেন।

এদিকে, সীতাকুণ্ডের বিএনপি প্রার্থী আবুল মনসুর বলেন, ‘সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এসময় আমাকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয়।’

এ বিষয়ে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তার কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।

এর আগে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

/এসটি/