আলিয়ঁস ফ্রঁসেজে লায়লা শারমীনের একক চিত্রপ্রদর্শনী

রাজধানীর ধানমন্ডি আলিয়ঁস ফ্রঁসেজ দ্যা ঢাকার ‘লা গ্যালারি’তে আগামী শনিবার (২০ মে) শুরু হচ্ছে লায়লা শারমীনের ১২তম একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর ৩০টি চিত্রকর্ম স্থান পাবে।

কানাডা প্রবাসী বাংলাদেশি শিল্পী লায়লা শারমীন তার সূক্ষ্ম রঙের ব্যবহার এবং স্বতঃস্ফূর্ত ব্রাশস্ট্রোকের জন্য বিশেষ পরিচিত। বিগত দুই বছরে পেপার, একরেলিক এবং ক্যানভাসের ওপর মিক্সড মিডিয়ায় সৃষ্ট শিল্পীর চিত্রকর্মগুলো প্রদর্শিত হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী শিল্পানুরাগীরা রবিবার বাদে বাকি সব দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনীটি ভিজিট করতে পারবেন।

দীর্ঘ প্রবাস জীবনে গোল্ডেন বেঙ্গল সিরিজের চিত্রগুলোর মাধ্যমে শিল্পী মানসিক ও আধ্যাত্মিকভাবে তার জন্মভূমির সাথে একাত্ম বোধ করেছেন।

প্রদর্শনীতে তার নতুন ইনস্টলেশন, "রিটার্ন টু নেচার"  প্রদর্শিত হবে। তিনি চান দর্শক তার শিল্পকর্মগুলো শুধু দেখবে তাই নয় বরং তারা এগুলোর সাথে নিজেদের একীভূত মনে করবে। তিনি বন উজাড় এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং প্রকৃতিতে ফিরে যাওয়ার আহ্বান জানাতে চান।

আগামী ২০ মে সন্ধ্যা ৬টায় দশ দিনব্যাপী ‘গোল্ডেন বেঙ্গল’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

লায়লা শারমীন ৬০টি আন্তর্জাতিক দলীয় প্রদর্শনীতে কাজ করেছেন। ২০১১ সালে তিনি কোরিয়ার সিউলের ওসিআই মিউজিয়াম অফ আর্ট-এ অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ১৬তম স্পেস ইন্টারন্যাশনাল প্রিন্ট দ্বিবার্ষিকীতে একটি ক্রয় পুরস্কার জিতেছিলেন।