যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা থাকায় শনিবার থেকেই কোটি কোটি ক্রিকেট সমর্থক আশায় বুক বেঁধেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে যুব টাইগারদের ম্যাচ দেখার আশায়। ঠিক তখনই বিটিভিতে রাত ৮টার খবরে প্রচারিত হয় রবিবারের খেলাটি দেখানোর খবর। খুশিতে আত্মহারা হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে দেয়। এমনকি এনিয়ে নিউজও করা হয় একাধিক গণমাধ্যমে। কিন্তু রবিবার ম্যাচটি সরাসরি সম্প্রচারের সময় দেখা গেলো বিষয়টি যেন ভুলেই গেছে বিটিভি।
এর দায় আসলে কার? কেন এমন করলো বিটিভি এবং কেনই বা কক্সবাজারে বাংলাদেশের ম্যাচ? এর দায় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এড়াতে পারবে? বিসিবির কাছে আমাদের প্রশ্ন, নিজের দেশের খেলা যে জায়গা থেকে সরাসরি সম্প্রচার করতে সমস্যা হবে, সেখানে কেন ম্যাচ রাখা হয়েছে? এর উত্তর জানতে চায় দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
যদি ধরেও নেওয়া হয়, খেলার সময়সূচি ও ভেন্যু আগে থেকেই নির্ধারিত ছিল তাহলে কেন বিটিভি এভাবে ঢালাওভাবে প্রচার করল সরাসরি সম্প্রচারের কথা? একবার বা দুইবার নয়। আগের দিন (শনিবার) রাত ৮টা, রাত ১০টা, রাত ১১.৩০ মিনিটে এমনকি রবিবার সকাল ৮.০০টার খবরেও প্রচার করা হয়েছে সরাসরি সম্প্রচারের কথা। বলা হয়েছে ‘বাংলাদেশ-স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ম্যাচটি সকাল নয়টা থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, দেশের ক্রিকেটপ্রেমীদের ক্রিকেট উন্মাদনায় ভাসাতে গিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। নিজের দেশের খেলা যদি দেশের টেলিভিশনে সম্প্রচার করা না যায়, তাহলে অন্য দেশের খেলার সরাসরি সম্প্রচার দেখিয়ে কী লাভ।
/এইচকে/