সিয়াম: ক্ষুধার ভেতর লুকানো ঈমানের গভীরতম পাঠ

মানুষের জীবনে ক্ষুধা নতুন কোনও অনুভূতি নয়। জন্মের পর প্রথম কান্নাও ক্ষুধার, আর জীবনের প্রতিদিনের সংগ্রামও অনেকাংশে ক্ষুধাকেন্দ্রিক। কিন্তু ইসলামের দৃষ্টিতে ক্ষুধা শুধু দেহের প্রয়োজন নয়; এটি আত্মার শিক্ষাগ্রন্থও হতে পারে; যদি সেই ক্ষুধার নাম হয় সিয়াম।

সিয়াম মানুষকে শুধু না খেয়ে থাকতে শেখায় না; বরং শেখায়— কীভাবে না খেয়েও পূর্ণ হওয়া যায়। বাহ্যিক শূন্যতার ভেতরে কীভাবে আধ্যাত্মিক পরিপূর্ণতা জন্ম নেয়—সেই বিস্ময়কর পাঠই লুকিয়ে আছে রমজানের রোজায়।

সিয়াম: বঞ্চনা নয়, নির্বাচিত সংযম

সাধারণ ক্ষুধা আসে অক্ষমতা থেকে; কিন্তু সিয়ামের ক্ষুধা আসে সিদ্ধান্ত থেকে। এখানেই এর মহত্ত্ব। একজন রোজাদার ক্ষুধার্ত, কিন্তু অসহায় নয়। তৃষ্ণার্ত, কিন্তু বঞ্চিত নয়। সে পারে, তবু খায় না। সে পায়, তবু পান করে না। এই পারার পরও না করার মধ্যেই লুকিয়ে আছে ঈমানের গভীর পাঠ। কারণ ঈমান মানে শুধু বিশ্বাস নয়; ঈমান মানে নিয়ন্ত্রণ, আনুগত্য, আর অদেখা রবের নির্দেশে নিজের প্রবৃত্তিকে থামিয়ে দেওয়ার ক্ষমতা।

ক্ষুধা: নফস ভাঙার আধ্যাত্মিক অস্ত্র

মানুষের সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তি হলো খাদ্য প্রবৃত্তি। এটি দেহকে টিকিয়ে রাখে, আবার অনেক সময় আত্মাকে দুর্বলও করে। সিয়াম এই প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দিনভর ক্ষুধার্ত থেকে মানুষ বুঝতে শেখে, ‘আমি আমার নফসের দাস নই; আমি তার নেতা।’ এই উপলব্ধি ঈমানকে গভীর করে। কারণ যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পাপ থেকেও নিজেকে রক্ষা করতে পারে। এ জন্যই বলা হয়, সিয়াম শুধু পেটকে ক্ষুধার্ত রাখে না; পাপকে ক্ষুধার্ত রাখে।

অদৃশ্য পর্যবেক্ষণের অনুভূতি

সিয়ামের সবচেয়ে বিস্ময়কর দিক, এটি সম্পূর্ণ গোপন ইবাদত। মানুষ চাইলে লুকিয়ে খেতে পারে, পান করতে পারে, কেউ দেখবে না। কিন্তু সে খায় না, কারণ সে জানে আল্লাহ দেখছেন। এই অনুভূতিই ঈমানের গভীরতম স্তর– ইহসান। ক্ষুধা তখন কেবল শারীরিক থাকে না; এটি আত্মাকে শেখায়, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এই উপলব্ধি যদি স্থায়ী হয়, তবে মানুষের চরিত্রই বদলে যায়।

ক্ষুধা ও কৃতজ্ঞতার সম্পর্ক

ক্ষুধা মানুষকে নিয়ামতের মূল্য শেখায়। দিনভর না খেয়ে থাকার পর যখন ইফতারের সময় আসে। একটি খেজুর, এক গ্লাস পানি– এগুলোও অমূল্য মনে হয়। যে খাদ্য আমরা প্রতিদিন অবহেলায় গ্রহণ করি, সিয়াম আমাদের শেখায়, সেগুলো আল্লাহর দান। এই কৃতজ্ঞতাবোধ ঈমানকে পুষ্ট করে। কারণ ঈমানের একটি স্তম্ভই হলো, নিয়ামতের স্বীকৃতি।

দরিদ্রের ব্যথা অনুভবের পাঠ

সিয়ামের ক্ষুধা মানুষকে অন্যের ক্ষুধা বুঝতে শেখায়। যে ব্যক্তি কখনও অভুক্ত থাকেনি, সে দরিদ্রের কষ্ট কল্পনা করতে পারে না। কিন্তু রোজা তাকে সেই অভিজ্ঞতা দেয়। তখন দান কেবল ধর্মীয় কর্তব্য থাকে না; মানবিক প্রয়োজন হয়ে ওঠে। যাকাত, সদকা, ফিতরা– এসব তখন হিসাবের অঙ্ক নয়; হৃদয়ের স্পন্দন। ক্ষুধা এভাবেই ঈমানকে সামাজিক দায়িত্ববোধে রূপ দেয়।

জিহ্বা, চোখ ও হৃদয়ের সিয়াম

সিয়ামের গভীরতম পাঠ কেবল খাদ্যবিরতি নয়; বরং সমগ্র সত্তার সংযম। জিহ্বা মিথ্যা থেকে বিরত থাকে, চোখ হারাম থেকে ফিরে আসে, কান গিবত থেকে বাঁচে, হৃদয় হিংসা থেকে শুদ্ধ হয় অর্থাৎ ক্ষুধা দেহকে শাসন করে, আর ঈমান আত্মাকে শাসন করে। এই সমন্বয়ই সিয়ামকে পূর্ণতা দেয়।

রাত: ক্ষুধার পরিপূর্ণতার সময়

দিনের ক্ষুধা রাতের ইবাদতে রূপ নেয়। তারাবি, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত– সব মিলিয়ে ক্ষুধা তখন আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। দেহ দুর্বল হয়, কিন্তু আত্মা শক্তিশালী হয়। রাতের নিঃশব্দ সিজদায় মানুষ অনুভব করে, ক্ষুধা তাকে ভেঙে দেয়নি; বরং গড়ে তুলেছে।

সিয়াম: আত্মশুদ্ধির পরীক্ষাগার

সিয়াম মানুষকে পরীক্ষা করে, রাগের সময়, ক্লান্তির সময়, তৃষ্ণার সময়। সে কি ধৈর্য ধরতে পারে? সে কি সংযত থাকতে পারে? এই পরীক্ষাগুলোই আত্মাকে পরিশুদ্ধ করে। যেমন আগুনে স্বর্ণ বিশুদ্ধ হয়, তেমনই ক্ষুধায় ঈমান পরিশুদ্ধ হয়।

লাইলাতুল কদর: ক্ষুধার মহাপুরস্কার

রমজানের শেষ দশকে যে রাত আসে, লাইলাতুল কদর তা ক্ষুধার সর্বোচ্চ পুরস্কার। হাজার মাসের চেয়েও উত্তম এক রাত, যেখানে একটি দোয়া, একটি কান্না, একটি তাওবা জীবনের গতিপথ বদলে দিতে পারে। দিনের ক্ষুধা তখন রাতের মহিমায় পরিণত হয়।

সিয়াম শেষে কী থাকে?

প্রশ্ন হলো, রমজান শেষে ক্ষুধা শেষ হয়, কিন্তু পাঠ কি শেষ হয়? যদি সিয়াম আমাদের শিখিয়ে থাকে সংযম, তাকওয়া, কৃতজ্ঞতা, মানবতা, আল্লাহভীতি তবে এই গুণগুলো বছরের বাকি সময়েও বেঁচে থাকা উচিত। না হলে ক্ষুধা ছিল সাময়িক; ঈমানের পাঠ অপূর্ণই রয়ে গেলো।

ক্ষুধার আড়ালে লুকানো আলোকজাগরণ

সিয়ামকে বাইরে থেকে দেখলে মনে হয়, এটি বঞ্চনা, কষ্ট, ক্লান্তি। কিন্তু ভেতরে প্রবেশ করলে দেখা যায়– এটি আলোকজাগরণ, আত্মগঠন, ঈমানের গভীর প্রশিক্ষণ। ক্ষুধা এখানে শূন্যতা নয়; পূর্ণতার প্রস্তুতি। তৃষ্ণা এখানে দুর্বলতা নয়; আত্মশক্তির নির্মাণ। সিয়াম মানুষকে শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে, আল্লাহকে অনুভব করতে, নিয়ামতকে মূল্য দিতে, অন্যের কষ্ট বুঝতে, আর পাপ থেকে দূরে থাকতে। এই সব পাঠ মিলেই গড়ে ওঠে ঈমানের গভীরতম স্তর।

 

শেষ কথা

যখন একজন রোজাদার দিনের শেষে ইফতার করে, তখন সে শুধু ক্ষুধা নিবারণ করে না; সে এক দিনের আত্মিক বিজয় উদযাপন করে। আর পুরো মাস শেষে সে উপলব্ধি করে, তার ভেতরে কিছু বদলে গেছে। তার চোখ নরম হয়েছে, হৃদয় নম্র হয়েছে, আত্মা আলোকিত হয়েছে। তখনই বোঝা যায়, সিয়াম সত্যিই ক্ষুধার নাম নয়; এটি ঈমানের গভীরতম পাঠশালা, যেখানে না খেয়ে মানুষ পূর্ণ হয়ে ওঠে।

মুহাদ্দিস ও নায়েবে মুফতি দারুল উলুম ঢাকা, মিরপুর-১৩