সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন সেলিম ওসমান: ১৪ দল

নাসিমনারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করে সেলিম ওসমান সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে মনে করে ১৪ দলীয় জোট। সেই সঙ্গে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন জোট।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সেলিম ওসমান যে কাজ করেছেন, তাতে নিজের মর্যাদা রক্ষা করতে পারেননি। তার ভূমিকা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অন্য সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। একটি অজুহাতকে কেন্দ্র করে শিক্ষককে অপমান-অপদস্থ করার পর চাকরিচ্যুত করে অন্যায় করা হয়েছে। তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ১৪ দলীয় জোটের পক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সংসদ সদস্য যেভাবে শিক্ষককে হেনস্তা করেছেন তা ক্ষমার অযোগ্য অপরাধ। ১৪ দল মনে করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

/এজে/