হত্যাকারীদের ‘আইএস’ পদক দেওয়া হচ্ছে: হাছান মাহমুদ

হাছান মাহমুদযারা ইসলামের নামে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা ইহুদিদের দোসর দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমানে কথায় কথায় মানুষ হত্যা করা হচ্ছে, আর হত্যাকারীদের দেওয়া হচ্ছে ‘আইএস’ পদক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের রুখবো এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবো’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশে সম্প্রতি যেসব জঙ্গি হামলা হয়েছে সেগুলো আইএস নয়, অতীতে যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে তারাই এসব হামলার সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষ নিয়ে দেশের নিরীহ মানুষের হত্যা করেছিল, আজ তারাই বাংলাদেশে জঙ্গি হামলা করে নিরীহ মানুষদের হত্যা করছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, তিনি (মার্শা বার্নিকাট) বলেছেন, বাংলাদেশে ‘আইএস’ এর কোনও অস্তিত্ব নেই। বাংলাদেশের সন্ত্রাসীরাই এসব হামলা করছে। তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সখ্যতা থাকতে পারে। রাষ্ট্রদূতের এ কথাতেই প্রমাণ হয় কারা এ হামলা করাচ্ছে।

মানববন্ধনে অংশ নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বাংলাদেশে সন্ত্রাস বা জঙ্গিগোষ্ঠীর কোনও স্থান নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জামায়াত নেতারা সন্ত্রাসী দিয়ে এসব হামলা করাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আয়োজিত সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।

/এসআইএস/এমও/