‘একযুগ পর ফখরুলের দুঃখ প্রকাশ’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি)‘দীর্ঘ একযুগ পর এসে বিএনপির মহাসচিব ২১ আগস্ট গ্রেনেড হামলায় দুঃখ প্রকাশ করছেন। আবার তিনি কেঁদেও বুক ভাসাচ্ছেন।’ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুঃখ প্রকাশের প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
এসময় খাদ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা তো আরও কাঁদবেন, কারণ পাপ কখনও বাপকে ছাড়ে না। আমরা সেদিন কাঁদিনি? আর আমাদেরকে তো ঠিক মতও কাঁদতেও দেননি। আজকে ফখরুলের এই কান্না হচ্ছে অনুশোচনার কান্না।’
প্রসঙ্গত, সম্প্রতিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দৈনিক আমার দেশ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপির নেতা-কর্মী নির্যাতিত হচ্ছে। এমন কিছু ঘটনার চিত্র তুলে ধরতে গিয়ে বিএনপির মহাসচিব কান্নায় ভেঙে পড়েন। সেই ঘটনার ভিক্তিতেই খাদ্যমন্ত্রীর এমন মন্তব্য করলেন।

কামরুল অভিযোগ করে বলেন, ‘যারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তারাই ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে এবং তারাই আজকের এই জঙ্গিবাদের সৃষ্টি করছে। আর এসবের পেছনে আছে পাকিস্তানের  গোয়েন্দা সংস্থা-আইএসআই ছিল।’

ক্ষমতাশীন দলের প্রভাবশালী এই মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট হামলা হয়েছিল। হামলার আলামত ধ্বংস করা হয়েছিল। হামলাকারীদের পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছিল। জজ মিয়া নামক নাটকেরও জন্ম দেওয়া হয়েছিল।’

২১ আগস্ট বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শায়ে আলম মুরাদ প্রমুখ।

/এসআইএস/এনএস/