জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে: আ. লীগ

অাওয়ামী লীগের পতাকাসুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির মতে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রিভিউ রায় হয়েছে। এর জন্য জনগণের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি।
আগামী ২২-২৩ অক্টোবর দলটির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, তাদের হরতালের কোনও আবেদন নেই। জামায়াতকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই তাদের হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়বে না।
অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক নাসিম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্রের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি জন কেরি বাংলাদেশ সফর করেছেন। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি তার কর্মব্যস্ত দিন শুরু করেন।  কেরি বলেছেন, বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তার কন্যা শেখ হাসিনা সফলভাবে তার আদর্শের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা সন্ত্রাস দমনে বাংলাদেশের  সঙ্গে থাকতে চায়। এ জন্য আমরা জন কেরিকে অভিনন্দন জানাই।
নাসিম বলেন, তিনি ( জন কেরি) বুঝেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আগামী জাতীয় সম্মেলনে অনেক দেশি-বিদেশি অতিথি আসবেন। এর মাধ্যমে প্রমাণ হবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উদীয়মান শক্তিধর দেশ নয়, সফল সমৃদ্ধশালী দেশে পরিণত হতে যাচ্ছে।  
অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব দীপু মণি বলেন, সম্মেলনে আমরা দেশি-বিদেশি অনেক অতিথিকে আমন্ত্রণ জানাবো। সম্মেলনের তারিখ পরিবর্তন হওয়ায় আমরা অতিথিদের সেই তারিখ জানিয়ে পুনরায় আমন্ত্রণ জানিয়েছি। আশা করি আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আমরা জানতে পারবো কোন দেশ হতে কোন কোন দলের প্রতিনিধি আমাদের সম্মেলনে আসবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপ- কমিটির সদস্য সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, কর্নেল (অব.) ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মৃণাল কান্তি দাস, এসএম কামাল হোসেন, শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, মোল্লা আবু কাওছার, মনিরুজ্জামান মনির প্রমুখ।
আরও পড়ুন: এখন প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন: অ্যাটর্নি জেনারেল


 

পিএইচসি/এমএসএম/