সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত শেষ করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এ দুজনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখাতেই সরকার এ কাজ করছে।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এসব অভিযোগ করেন।
ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দিলে বিএনপি মেনে নেবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গিদের দল বানানোর মিথ্যাচার করতে গিয়ে জঙ্গি ইস্যুতে নিজেরা ফাঁদে আটকে পড়েছে আওয়ামী লীগ। জঙ্গি এসে গেছে এখন তুমি (আওয়ামী লীগ) যাবে কোথায়? আওয়ামী লীগ জঙ্গিদের আশ্রয় দেয়। তাই জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃতদের বিচারের আওতায় না এনেই তাদের ভাষায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করছে।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে। এরা দেশকে ইরাক, আফগানিস্থান, সিরিয়া বানাতে চায়। কিন্তু বিএনপি তা কখনও হতে দেবে না। বিএনপি লিবারেল রাজনৈতিক দল। তবে বিএনপি না থাকলে গণতন্ত্র থাকবে না কারণ বিএনপি গণতন্ত্রকে ধারণ করে।
/এসটিএস/এসটি/