‘খুদে মুক্তিযোদ্ধা’র প্রশ্ন, মুক্তিযোদ্ধারা অবহেলিত কেন?

সাত দফা দাবি নিয়ে র‌্যালিতে ‘খুদে মুক্তিযোদ্ধা’ ইছামবিজয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে মুক্তিযোদ্ধা সেজে আসা এক ‘খুদে মুক্তিযোদ্ধা’ জানতে চেয়েছে, মুক্তিযোদ্ধারা অবহেলিত কেন?

শুক্রবার বিজয় দিবসে বিজয় র‌্যালির আয়োজন করে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের গেট থেকে শুরু হয় এ বিজয় র‌্যালি। এই র‌্যালিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ‘খুদে মুক্তিযোদ্ধা’ সেজে আসে ইছাম। তার হাতে ছিল একটি বন্দুক। আর বুকে ছিল হাতে লেখা সাত দফা সংবলিত একটি দাবিনামা। তাতেই প্রশ্ন করা হয়েছে, মুক্তিযোদ্ধারা অবহেলিত কেন। দাবিনামায় রাজাকারমুক্ত দেশ গড়ার দাবিও জানিয়েছে ইছাম।

‘খুদে মুক্তিযোদ্ধা’ ইছামের সাত দফার মধ্যে আরও ছিল মুক্তিযোদ্ধাদের পূর্ণ অধিকার, সঠিক মূল্যায়ন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার দাবি।

এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং নব্য রাজাকারদের বিচারের আহ্বানও ছিল ইছামের দাবিনামায়। রাজাকারমুক্ত দেশ গড়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানায় এই ‘খুদে মুক্তিযোদ্ধা’।

শুধু ইছাম-ই নয়, আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় বিভিন্ন সাজে এসেছিলেন নেতা-কর্মীরাও। তাদের কেউ মুক্তিযোদ্ধা, কেউ রাজাকার কিংবা পাক হানাদার বাহিনীর সদস্যের সাজে সেজেছিলেন।

র‌্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জনগণ পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে লড়াই করে এ দিন বিজয় অর্জন করে স্বাধীন হয়েছিল। তাই এ দিনটি (১৬ ডিসেম্বর) তাদের আনন্দের দিন। এ আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেই বর্ণিল সাজে তারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

 

/পিএইচসি/টিআর/