নির্বাচনের সময় নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি)পাশাপাশি নিরপেক্ষ সরকারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। তিনি বলেন, ‘নিরপেক্ষ না হলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।’
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের ‘বশির উদ্দিন মিলনায়তন’ খেলাফত মজলিশের নবম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি গঠনের বিষয়ে যে আলোচনা শুরু করেছেন এর মাধ্যমে বিষয়গুলোর সুষ্ঠু সমাধান হবে, প্রত্যাশা করছি।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। বিএনপি বিশ্বাস করে একটি সত্যিকারের নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা উচিত। সেজন্য বিএনপি নিরপেক্ষ ইসি গঠনের প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) সত্যিকার অর্থেই একটি স্বাধীন, নিরেপক্ষ, সৎ, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। কারণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বা সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে পারে না।’
বর্তমানে দেশের রাজনীতি গভীর সংকটে রয়েছে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের অস্তিত্বের প্রশ্নও বড় রকমের সংকটের মুখে পড়েছে। গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খন্দাকার গোলাম মোর্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদসহ অনেকে।
/সিএ/এসটি