ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)আওয়ামী লীগ সরকার ইয়াজিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের ভুল সিদ্ধান্তের কারণে রোহিঙ্গা শিশুরা আজ নাফ নদীতে ভাসছে।’ রবিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় আশুরা উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘তামাশা ম্যান’ আখ্যায়িত করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদুমন্ত্রের আওয়াজ ছাড়েন, আর তামাশা ম্যান ওবায়দুল কাদের তা পালন করেন। শুধু ওবায়দুল কাদের নয়, দলটির অন্য নেতারাও শেখ হাসিনার সুরে কথা বলেন।’ 

রিজভী আরও বলেন, ‘আজকে খাদ্যভাণ্ডার শূন্য, চালের দাম এক টাকাও কমেনি। মানুষের ক্ষুধার সঙ্গে প্রতারণা করে অপপ্রচার চালাচ্ছে সরকার। মিথ্যা, গুম, খুন– যা করা হচ্ছে, তা হিটলার এবং মুসোলিনির স্টাইলে করা হচ্ছে। উনি (শেখ হাসিনা) মাদার অব হিউম্যানিটি নন, উনি মাদার অব ক্রুয়েলিটি।’

ইয়াজিদ ইসলামের গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় এসেছে উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘ইমাম বাহিনী লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে। আজও  সত্যের জন্য, গণতন্ত্রের জন্য কারবালার মতোই জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হবো না আমরা।’

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।