দুর্বৃত্তদের কোনও দল নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ফটো)দুর্বৃত্তদের কোনও দল নেই। তাই তাদের ভয় না পেতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না।  আমরা  সবসময় আপনাদের পাশে আছি।’

বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বৌদ্ধ সম্প্রদায়কে বলবো নিজেদের কখনও মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো বিপদে আগে আওয়ামী লীগকে জানাবেন। দুর্বৃত্তদের কোনও দল নেই। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের দল ও সরকারের  জিরো টলারেন্সে।’

বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। তবে এর বিরুদ্ধে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে।  আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সে অনুযায়ী নির্দেশনা দেওয়া আছে।’

মন্ত্রী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। সামনে বৌদ্ধদের প্রবারণা উৎসবেও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দিপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ১৯৯২ সালের মিয়ানমার নীতিতে যা আছে
রোহিঙ্গাদের যেভাবে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ
চাল বিক্রির লাইসেন্স বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা