বিডিআর বিদ্রোহে গোয়েন্দারা কেন ব্যর্থ: ফখরুল

মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় কেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলো, সেটি আমাদের জানতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলের বিশেষ কাউন্সিল করতে এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘কেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলো, সেটা আমাদের জানতে হবে। কেন সেদিন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না? কেন সেদিন সিদ্ধান্ত নিতে ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করতে হলো?’
বিডিআর বিদ্রোহের রায় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ দিন পর গতকাল (২৭ নভেম্বর) বিডিআর বিদ্রোহের রায় বেরিয়েছে। রায় সম্পর্কে আমি কিছু বলতে চাই না। কিন্তু রায় সম্পর্কে বিচারকেরা যে পর্যবেক্ষণ দিয়েছেন,তারাই গোয়েন্দা ব্যর্থতা তদন্তের তাগিদ দিয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫৭ জন চৌকস, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।’ কখন ঘটেছে, যখন সবেমাত্র একটি নতুন সরকার গঠন করা হয়েছে। তার পরপরই এটা ঘটেছে। এর উদ্দেশ্য কী ছিল? শুধুই কি সরকারকে ব্যর্থ করে দেওয়া, নাকি বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, প্রশ্ন করেন ফখরুল।

তিনি বলেন, ‘ একসঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তা আমাদের মুক্তিযুদ্ধেও খোয়াতে হয়নি। এই ৫৭ জনকে হত্যা করে কে বা কারা সবচেয়ে বেশি লাভবান হলো, যারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইলো, যারা সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চাইলো। এ বিষয়গুলো আমাদের অবশ্যই সুষ্ঠু, নির্মোহ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’

আরও পড়ুন: একই মঞ্চে খোকন-মুরাদ