জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হলে আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার (২৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আরাফত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে যদি আঘাত করেন তাহলে এর পরিণতি কি পরিমাণ ভয়াবহ হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আইনের ধারা আইনের মতো চলতে দেন।’
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে গয়েশ্বর বলেন, ‘সিনহা যদি ফাঁসির রায়ে সই করেন তাহলে তিনি ভালো। যখন আপনাদের কথা মতো চলে না তখন খারাপ, সুস্থ লোককে অসুস্থ দেখিয়ে ছুটি নিতে বাধ্য করালেন। তারপর দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ভয় দেখিয়ে দেশের বাইরে পাঠালেন। প্রধান বিচারপতি যদি দেশ থেকে নির্বাসিত হয় তাহলে সাধারণ জনগণ কিভাবে বিচারের আশা করবে।’