বিএনপি’র নির্বাহী কমিটির সভা শুরু

জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়াবিএনপি’র নির্বাহী কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সঞ্চালনা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টার পর সভাস্থলে উপস্থিত হন চেয়ারপারসন খালেদা জিয়া এবং সভার উদ্বোধন করেন। এরপর ওলামা দলের সেক্রেটারি নেসারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘নির্বাহী কমিটির বৈঠকে দলের ৭০০ নেতা উপস্থিত আছেন। এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য ৫০২ জন। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও সব জেলার সভাপতিরা অংশ নিচ্ছেন বৈঠকে।’

বৈঠক স্থলে উপস্থিত নেতারা

জানা গেছে, নির্বাহী কমিটির বৈঠকে দুটি অধিবেশন হবে। প্রথমটি উন্মুক্ত থাকলেও দ্বিতীয় অধিবেশনটি সাংগঠনিক। আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সাংগঠনিক পর্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সরাসরি ফেসবুকের তিনটি পেজ থেকে প্রচার করা হচ্ছে। পেজগুলো হলো,  Facebook.com/bnp.communicationFacebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv

এদিকে, লা মেরিডিয়ানের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি হোটেলের ভেতরে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

সকালে নাম নিবন্ধন করনে বিএনপি নেতারা

গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, কয়েকটি গোয়েন্দাসংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা বিএনপির নির্বাহী কমিটির সভাটি ফলো করছেন।

এদিকে, নির্বাহী কমিটির সভায় অংশ নিতে শনিবার সকাল থেকেই লা মেরিডিয়ানে আসতে থাকেন বিএনপি নেতারা।