খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বিএসএমএমইউ

খালেদা জিয়াখালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (বিএসএমএমইউ)।রবিবার এই রিপোর্ট পাঠানো হয় বলে জানান  বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম জানিয়েছেন, তারা খালেদা জিয়ার রিপোর্ট সিলগালা করে আজ রবিবার কারা কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছেন।’

এ প্রসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বলেন, ‘খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে বলে শুনেছি। আমাদের সঙ্গে আগামীকাল (সোমবার) কারা কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে। তারা যোগাযোগ করলে আমরা রিপোর্ট দেখবো।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বর্তমানে এমন কোনও রোগ নেই, যা এদেশে চিকিৎসা করা সম্ভব নয়। তার রিউমেটাল আর্থ্রাইটিস ও অস্টোআর্থ্রাইটিস রয়েছে। যদিও তার হাঁটু প্রতিস্থাপন করা আছে। এ নিয়ে তার কোনও অভিযোগ নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরা চারজন যে চিকিৎসা দিয়ে এসেছি তাতে তার উন্নতি হবে। এখন তার যে অবস্থা তাতে বিদেশে তার চিকিৎসার দরকার নেই।’