রাজধানীর বারিধারায় বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকটি হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
যুক্তফ্রন্টের বৈঠকে বি. চৌধুরী ও মান্না ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার ও ব্যারিস্টার ফারুকসহ অন্যরা।
বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, যুক্তফ্রন্টের প্রতিষ্ঠার আগে থেকেই গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জোটের প্রক্রিয়ায় ছিলেন। যদিও গত বছরের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন হলে জোটে যোগ দেওয়া থেকে বিরত থাকে গণফোরাম। তবে যুক্তফ্রন্টের সঙ্গে ড. কামালের হৃদ্যতা অক্ষত ছিল। ফলে গত মাসে ড. কামালের জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি. চৌধুরী।
বৈঠকসূত্র জানায়, ড. কামাল জোটে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আর এ নিয়েই মঙ্গলবার রাতে বৈঠক আয়োজন। একইসঙ্গে আগামী রমজানে কর্মসূচির বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে ড. কামাল শেষ পর্যন্ত জোটে আসবেন কিনা, তার নির্ভর করছে বুধবারের (৯ মে) সম্ভাব্য একটি বৈঠকের ওপর। এ দিনের যেকোনও সময় ড. কামালের সঙ্গে যুক্তফ্রন্টের একটি বৈঠক হওয়ার কথা। একইসঙ্গে খুব শিগগির ড. কামাল বিদেশে যেতে পারেন, এসব বিষয় সামনে রেখে বুধবার বৈঠক হতে পারে।
মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আশাবাদী ড. কামাল হোসেন যুক্তফ্রন্টে যোগ দেবেন।’
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আ স ম রবের রাজনৈতিক সচিব গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের বৈঠক যুক্তফ্রন্টের নিয়মিত বৈঠকের অংশ। আসন্ন রমজানে কী ধরনের কর্মসূচি থাকবে, এ বিষয়ে আলোচনা হয়েছে।’
জোটের একজন সিনিয়র নেতা জানান, আগামী ১১ মে প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা উৎসব রয়েছে। একই দিন যুবধারার একটি আলোচনা সভা রয়েছে। এতে বি. চৌধুরীসহ জোটের নেতারা অংশ নেবেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। আগামী পুরো রমজানে যুক্তফ্রন্টের প্রোগ্রাম রাখার কথা সবাই ভাবছেন। আমাদের যাদের কাছের মনে হয়,তাদের সম্মানে আমরা ইফতার আয়োজন করবো।’