তিন সিটিতে নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসব হয়েছে: খেলাফত মজলিস

খেলাফত মজলিসতিন সিটিতে নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসব হয়েছে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। সোমবার (৩০ জুলাই) বিকালে এক বিবৃতিতে দলটির আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এমন মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়— ‘বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলের প্রার্থীদের পক্ষে ব্যাপক ভোট জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কেন্দ্র দখল করে ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের ওপর সশস্ত্র হামলাসহ বিভিন্ন অনিয়ম হয়েছে। সরকার দলীয় ক্যাডাররা প্রশাসনের সহায়তায় ভোটের নামে প্রহসন করেছে। এ ভোট ডাকাতি রোধে নির্বাচন কমিশন (ইসি) শুধু ব্যর্থ ও নির্লিপ্তই ছিল না, বরং ভোটের নামে প্রহসন মঞ্চায়নে সহায়ক ভূমিকা পালন করেছে ইসি।’
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে আরও বলা হয়— ‘আজ প্রমাণ হয়েছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন শতভাগ অক্ষম। আজ পুরো নির্বাচন ব্যবস্থাই ভেঙে পড়েছে। একইসঙ্গে আজকের তিন সিটি নির্বাচনে ভোট ডাকাতি আবারও প্রমাণ করেছে, বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।’