সরকারকে শূন্য মাঠে খেলতে দেওয়া হবে না: রিজভী

নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদসরকার গত নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচনও একতরফাভাবে করতে চায় অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আগামীতে সরকারকে শূন্যমাঠে খেলতে দেওয়া হবে না। সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমনটা এখন আর কেউই ভাবেন না।’
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, ‘গতকাল ঈদের দিন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের সিনিয়র নেতাদের দেখা করতে দেওয়া হয়নি। বাসা থেকে সঙ্গে আনা রান্না করা খাবার কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। সকাল থেকে না খেয়ে খালেদা জিয়া অপেক্ষা করছিলেন স্বজনদের সঙ্গে নিয়ে একসঙ্গে খাবেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সরকারকে খুশি করতেই খাবার ভেতরে নিয়ে যেতে দেয়নি। খালেদা জিয়া তার নাতনি ও আত্মীয়দের সঙ্গে খাবার খেতে পারলেন না।’
রিজভী আরও বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে বিনা ভোটের প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে নানা বিষয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন।’