চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীতইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ইভিএমে ভোটগ্রহণের বিধান প্রয়োগ করে ডিজিটাল কারচুপির সুযোগ দিতে নির্বাচন কমিশন (ইসি) চক্রান্ত করছে। রবিবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলের নেতারা নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির বিরোধিতা করে মতামত দেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনারও রাজনৈতিক দলগুলোর নেতাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম চাপিয়ে দেওয়া হবে না’।”
বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণকে ইভিএম সম্পর্কে পুরোপুরি সচেতন না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার চক্রান্ত দেশবাসী রুখে দাঁড়াবে। ইভিএম পদ্ধতিতে ডিজিটাল কারচুপি করতে সুবিধা দেবে। তাই তা চাপিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে।’
ইসলামী আন্দোলনের আমির বিবৃতিতে আরও বলেন, ‘এরই মধ্যে দেড় লাখ ইভিএম মেশিন কেনার সংবাদে মিডিয়াজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিগত তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহৃত কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপির দৃশ্য দেশবাসী দেখেছেন। সিইসি ইভিএম পদ্ধতি চালু করে একটি মহলকে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার চক্রান্ত করছে। এ চক্রান্ত বন্ধ করতে হবে।’