মাহবুবউল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। আলেমদের জন্য শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করেছেন। সারা বিশ্ব আজ তাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে চিহ্নিত করেছে।’
আওয়ামী লীগকে ধর্মবিরোধী দল বলা হয় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। অথচ ইসলামের জন্য করেছে এমন একটি কাজের নজিরও তারা দেখাতে পারবে না। এই ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতেই গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন, এ দেশ থেকে মদ, জুয়া, হাউজি নিষিদ্ধ করেছিলেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে তরুণ সমাজের নীতি নৈতিকতার চরম বিপর্যয় ঘটেছে। একমাত্র আলেম সম্প্রদায়ই পারে ঈমান ও আকিদার প্রচার করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে।’ তাই দেশ ও জাতির কল্যাণে দেশের আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মেহাম্মদ আফজাল, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমেদ প্রমুখ।