কারাগারে কোর্ট বসানো যাবে না তা সংবিধানের কোথায় আছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
‘কারাগারে কোর্ট বসানো সংবিধানের লঙ্ঘন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রশ্ন তোলেন।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনা করে, হাজিরার সুবিধা ও বিচারকার্যের সুবিধার জন্য কারাগার প্রাঙ্গণে বিশেষ কোর্টের (আদালত) ব্যবস্থা করা হয়েছে। এটাকে যারা সংবিধান লঙ্ঘন করা বলে তারাই সংবিধান লঙ্ঘন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেলের ভেতরেই কোর্ট করে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিল। বিএনপি নেতারা কি তা ভুলে গেছেন?
তিনি বলেন, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। যে কোনও অজুহাতে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির অপকৌশল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।