মানুষ বিএনপিকে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ফটো)বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় ফিরিয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিথ্যাচার আর দেউলিয়াপনার কারণে বিএনপি ভুয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। এ দেশের মানুষ তাদের আর বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হওয়ায় আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে।’
শুক্রবার রাজধানীর খিলগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরা ক্ষমতায় এলে একদিনে দেশে লাশের পাহাড় তৈরি করবে। ২০০১ এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। বোমা মেরে মানুষ হত্যা করবে। মা-বোনেরা রাস্তায় নিরাপদে বের হতে পারবেন না। বাংলাদেশের জনগণ এদের আর ক্ষমতায় ফিরিয়ে আনবে না। বিএনপি মানে অশান্তির দল।’
ওবায়দুল কাদের বিএনপির মিথ্যাচারের কিছু উদাহরণ তুলে ধরে বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের মহাসচিবের ভুয়া চিঠির খবর দিয়ে সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন, মহাসচিবের দেখা পাননি। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণপত্র ভুয়া, বিএনপিও ভুয়া। যারা জাতিসংঘের মহাসচিবকে নিয়ে মিথ্যাচার করে তাদের হাতে দেশ, গণতন্ত্র নিরাপদ না।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দলের নিয়ম-কানুনের বিরুদ্ধে যাবেন না। নেত্রীর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে বিদ্রোহ করবে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। কাউকে ক্ষমা করা হবে না। অপরাধ করলে ক্ষমা নাই। চাঁদাবাজি চলবে না। দুই-একজন চাঁদাবাজি করেন আমি জানি। যারা এটা করেন তারা বন্ধ করেন।’
এ সময় খিলগাঁও-সবুজবাগ এলাকার জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুর নাহার চাঁপা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, খিলগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা খিলগাঁও রেলগেট এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।