খালেদা জিয়ার মুক্তি তো চাওয়ার কথা না, হওয়ার কথা: ড. কামাল


খালেদা জিয়া
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়ার কথা না, এটা তো হওয়ার কথা। ওর মুক্তি অবশ্যই হোক।
শনিবার বিকালে চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সরকারের সমালোচনা করেন ড. কামাল হোসেন। এসময় সরকারকে  জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাত দফা অমান্য করলে যে শাস্তি পাবেন তা কল্পনাও করতে পারবেন না।

তার বক্তব্যের শেষ পর্যায়ে গণফোরামের সদস্য সচিব মোস্তাফা মোহসিন মন্টু তাকে খালেদা জিয়ার মুক্তির পয়েন্টটি ধরিয়ে দেন। এ পয়েন্ট শুনে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়ার ব্যাপার নয়, এটা তো হওয়ার ব্যাপার। এটা আর কত চাওয়া হবে। চাইতে চাইতে তো মানুষ ক্লান্ত হয়ে গেছে। ওর মুক্তি অবশ্যই হোক।’

উল্লেখ্য, এর আগে গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ করে ঐক্যফ্রন্ট। সেখানেও জনসভার শেষদিকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে অপর এক নেতা মনে করিয়ে দিলে, খালেদা জিয়ার মুক্তির দাবি তো সাত দফার মধ্যেই আছে বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন।