২ নভেম্বর ঢাকায় জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্টআগামী ২ নভেম্বর রাজধানীতে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভাস্থল হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২ নভেম্বর বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তবে এখনও জনসভার অনুমতি পাওয়া যায়নি।

এদিকে আগামী ২ নভেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা করার কথা ছিল।

রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, রাজশাহীতে জনসভা ২ নভেম্বর থেকে থেকে পিছিয়ে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।