বুধবার (৩১ অক্টোবর) রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ড. কামাল।
এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মানুষ রাজনৈতিক অবস্থার পরিবর্তন চায়। অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠিত হবে।’
আলোচনায় কোন বিষয়টি প্রাধান্য পাবে জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কথা হবে। ২০১৪ সালে একটা নামমাত্র নির্বাচন হয়েছে। সেভাবে ৫ বছর কেটে গেছে। এখন আর হাতে সময় নেই। দেশের নারী-পুরুষ সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেটাই মূল চাওয়া।’
এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে একটি অর্থবহ পরিবর্তনের জন্য ড. কামাল কাজ করছেন। তিনি আশা করেন, ঐক্যফ্রন্ট দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে পারবে।’
জানা যায়, আগামী ৩ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের এক আলোচনা সভায় ঐক্যফ্রন্ট নেতারা অংশ নেবেন। সেখানে তিনি ফ্রন্টের সঙ্গে নিজেদের অবস্থান নিয়ে কথা বলবেন।
এক প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব জানান, বৃহস্পতিবার সরকারের সঙ্গে সংলাপ হবে। তারা যাবেন আলোচনা করতে, নৈশভোজের জন্য নয়। নৈশভোজে অংশ নেওয়া না-নেওয়ার বিষয়ে পরিষ্কার কোনও বক্তব্য দেননি কেউ।
এর আগে বুধবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নিতে যান ড. কামাল হোসেনসহ গণফোরামের কয়েকজন নেতা। এরপর ৯টার দিকে যোগ দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সবার শেষে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নৈশভোজে আরও অংশ নেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা আমিন, সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ। তারা রাত ১০টা পর্যন্ত বৈঠক করেন। প্রসঙ্গত, বৈঠকে ঐক্যফ্রন্টের আরেক নেতা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অংশ নেননি।