বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম সোমবার (২৬ নভেম্বর) ঘোষণা করতে পারে বিএনপি। ওই দিন বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (সোমবার) বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।’ একই কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাসমুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে হয়তো তিনশত আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। তবে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে, সেসব আসনের প্রার্থীদের পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে। অথবা শরিকদের আসন বাকি রেখে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া কেউ একাধিক আসনে নির্বাচন করতে পারবে না। ২০০১ ও ২০০৮ সালের প্রার্থীদের যে তালিকা ছিল, সেটিকেই বেশি গুরুত্ব দিয়ে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।

আরও পড়ুন: প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে: মির্জা ফখরুল