নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু হয়নি: চরমোনাই পীর

ইশতেহার ঘোষণা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ- এর আমিরনির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু হয়নি। স্বাধীনতার ৪৭ বছর পর এখনও আমাদের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করতে হবে, দেশের মানুষ এটা কখনও আশা করেনি বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দিন দিন গুম, খুন এবং মানুষের ঘরে ঘরে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হওয়ার মতো বাস্তবতা আমরা দেখছি। সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারও হওয়ার মতো পরিবেশ এখনও লক্ষ করছি না। তবে, সিইসিকে আমরা অনুরোধ করবো এবং সরকারকে বলবো, এই দেশ আমাদের, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। স্বাধীনতার ৪৭ বছর বয়সে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখনও আমাদের সংগ্রাম করতে হবে, এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, দেশের মানুষ এটা কখনও আশা করেনি। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখ এবং নির্লজ্জ ব্যাপার।’

অনুষ্ঠানে চরমোনাই পীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি দুর্নীতি ও সন্ত্রাস শুধু দমন নয়, নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ, রাজনৈতিক ও সাংবিধানিক কমিশন গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন, কৃষি বিপ্লব ও কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ১৫ দফা, অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, নারীর অধিকার ও ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ মোট ৩৩টি দফা উল্লেখ করেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকনসহ ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা।