আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগের দিন গণমাধ্যমে পাঠানো খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সই করা বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির কোনও সুযোগ থাকবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “ডিএমপি কমিশনারের বক্তব্য হচ্ছে ‘আতঙ্কের কিছু নেই, সব কেন্দ্র নিরাপদ থাকবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’ তার এ বক্তব্যে মানুষ আশান্বিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার এবং সহিংসতা ও অরাজগতা সৃষ্টির কোনও সুযোগ থাকবে না।’
বিবৃতিতে বলা হয়, ‘দেশের মানুষের টাকায় সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেতন নেন। সুতরাং দেশের এ চলমান সংকটময় মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনে অংশ গ্রহণকারী সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোটারদের নিরাপত্তাসহ ভোটকে কেন্দ্র করে যাতে কোনও মায়ের বুক খালি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।’