বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণ উদ্দিপনা ও আশা নিয়ে অংশগ্রহন করলেও নির্বাচনের পরে বিষন্নতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি। এ বিষন্নতা থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিকাশের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহন করতে হবে। জনগণের অংশগ্রহনকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রয়োজনে বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে হবে।
আজ ০১ ফেব্রুয়ারি শুক্রবার সংগঠনের জাতীয় কমিটির ৩য় সাধারণ সভার প্রথম দিনে তিনি এসব কথা বলেন। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা চলছে। দু’দিনব্যাপী জাতীয় কমিটির এ সভা আগামীকাল সমাপ্ত হবে। বাংলাদেশ জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদারের পরিচালনায় সভায় এতে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, সহ-সভাপতি আবু মো: হাশেম, কলন্দর আলী, গিয়াসউদ্দিন আহমেদ, শমিম আহমেদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোসাব্বির প্রমুখ । সভায় ৩০ টি জেলা প্রতিনিধিসহ শতাধিক সদস্য অংশ নেন।